ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
সোমবার (৪ মে) বেলা ১২টার দিকে উপজেলার সত্রাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজিচালিত রিকশার (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। এ সময় ট্রাকের চালক, হেলপার ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিহত নারীদের পরিচয় শনাক্ত করা যায়নি।

ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা গিয়ে তিন নারীর মরদেহ উদ্ধার করি। ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহত তিন নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালের সমাজ/এসআর

