পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে এবং দীর্ঘদিন ধরে দুর্নীতির কারণে স্থগিত থাকা সড়ক নির্মাণ প্রকল্পগুলো পুনরায় চালুর বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৫ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি জেলার তিন সংসদীয় আসনের সংসদ সদস্যদের সঙ্গে প্রায় ৩০ মিনিট ধরে বিস্তারিত আলোচনা করেন। এ সময় সংশ্লিষ্টদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বৈঠকে বিশেষভাবে উঠে আসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর অধীনে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর করুণ অবস্থা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ১১টি প্রকল্পের মধ্যে ৮টিই দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এসব প্রকল্প দ্রুত পুনরায় চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী নাজিরপুর থেকে বৈঠাকাঠা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার সড়ক দ্রুত নির্মাণের জোর দাবি জানান। তিনি বলেন, দুর্নীতির মামলার নিষ্পত্তির অপেক্ষায় না থেকে জরুরি ভিত্তিতে রাজস্ব বাজেটের রক্ষণাবেক্ষণ খাত থেকে অর্থ বরাদ্দ দিয়ে কাজ শুরু করা উচিত। এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দেন। এছাড়াও জেলার সার্বিক সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব শহীদুল ইসলাম, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন, মনিটরিং ও ইভালুয়েশন বিভাগের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার রুহুল আমিন খানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠক শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই নির্দেশনার ফলে স্থগিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন হবে, কমবে জনদুর্ভোগ এবং পিরোজপুরের যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন আসবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
কালের সমাজ/কে.পি

