ঢাকা শনিবার, ০৯ মে, ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াল পিএসজি সমর্থকরা

স্পোর্টস ডেস্ক | মে ৭, ২০২৬, ০১:০৩ পিএম নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াল পিএসজি সমর্থকরা

সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-১ গোলে ড্র করে টানা দ্বিতীয় বছরের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে পিএসজি (পিএসজি)।

টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিতের পর মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনা থেকে উদযাপনের ঢেউ এসে আছড়ে পড়েছিল প্যারিসে। এরপরই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে ফ্রান্সের রাজধানী শহরে। খেলা শেষের বাঁশি বাজার পরেই ভক্ত ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা সিএলপ্রেসের ধারণ করা ভিডিওতে দেখা যায়, লুইস এনরিকের তত্ত্বাবধানে থাকা দলটির হোম গ্রাউন্ড ‘পার্ক দে প্রিন্সেস’ স্টেডিয়ামের আশেপাশে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছিলেন মিউনিখে চলা ম্যাচটি উপভোগ করতে। খেলা শেষ হওয়ার পর আনন্দ মিছিল দ্রুত সংঘর্ষে রূপ নেয়, এমনকি এক পর্যায়ে তারা নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাত শুরু করে।

জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ দ্রুত টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে। জবাবে বেশ কিছু ভক্ত নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আতশবাজি নিক্ষেপ করে। তবে কয়েক মিনিট পরেই পরিস্থিতি শান্ত হয়ে আসে।

শুধু প্যারিসে নয়, মিউনিখেও সমস্যা দেখা দিয়েছিল। জার্মান সাবওয়েতে ফায়ার সেফটি প্রোটোকল সচল করতে হয় এবং একটি বগিতে বিপুল সংখ্যক পুলিশ প্রবেশ করে যেখানে পিএসজির সফরকারী সমর্থকরা অবস্থান করছিলেন।

বায়ার্ন মিউনিখকে বিদায় করে দিয়ে পিএসজি এখন তাদের দ্বিতীয় ইউরোপীয় শিরোপার দিকে চোখ রাখছে। আগামী ৩০ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ফাইনালে তারা আর্সেনালের মুখোমুখি হবে।

 

Link copied!