চাঁদপুরে কোস্ট গার্ডের মাদক বিরোধী অভিযানে ১৬ কেজি গাজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার ২৪ জুন বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, চাঁদপুরের সদর থানাধীন বড় স্টেশন সংলগ্ন এলাকায় দুপুর ২ টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একজন ব্যক্তিকে তল্লাশি করে তার সাথে থাকা লাগেজ ও ব্যাগ হতে প্রায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ১৬ কেজি গাঁজা জব্দসহ তাকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
কালের সমাজ/কে.পি

