বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসাবে ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৭ কোটি টাকা দিচ্ছে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ)।
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বুধবার (২৪ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। এতে স্বাক্ষর করে চুক্তিতে সই করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।
রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রমে অস্ট্রেলিয়া সরকার ও ইউনিসেফের এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি এ সহযোগিতার জন্য অস্ট্রেলিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।
চুক্তি সই অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অস্ট্রেলিয়ান হাইকমিশন ও ইউনিসেফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, এই চুক্তি মিয়ানমার ও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়ার ২০২৬-২০২৮ মেয়াদের ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, অর্থাৎ প্রায় ৩ হাজার ১৬২ কোটি টাকার মানবিক সহায়তা প্যাকেজের অংশ।
তিনি আরও জানান, ২০১৭ সাল থেকে এ আঞ্চলিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়া এ পর্যন্ত মোট ১ দশমিক ২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, অর্থাৎ প্রায় ১০ হাজার ৭৭০ কোটি টাকার মানবিক সহায়তা দিয়েছে।
কালের সমাজ/এএইচবি

