ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
গ্রস রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি

বিশেষ প্রতিনিধি | জুন ২৪, ২০২৬, ০৯:১৮ পিএম দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি
ছবি সংগ্রহ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৪ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১০৩ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি লেনদেন ভারসাম্য ম্যানুয়াল-৬ (বিপিএম-৬)  (Balance of Payments Manual-6) অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৫৫২ দশমিক ৬৭ মিলিয়ন ডলার।

এর আগের দিন ২৩ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন ডলার এবং আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন ডলার। অর্থাৎ একদিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ৩০৫ মিলিয়ন ডলার, আর বিপিএম-৬ হিসাবেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

বিশ্লেষকদের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক বার্তা। রিজার্ভ শক্তিশালী হলে আমদানি ব্যয় পরিশোধ, বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ এবং আন্তর্জাতিক লেনদেনে দেশের সক্ষমতা বাড়ে। পাশাপাশি বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ধরে রাখতেও রিজার্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাংলাদেশের নিট বা প্রকৃত রিজার্ভ সাধারণত আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে বিবেচনা করা হয়। এ হিসাবে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দেওয়া হয়। ফলে বিপিএম-৬ হিসাব দেশের প্রকৃত বৈদেশিক মুদ্রার অবস্থার একটি তুলনামূলক বাস্তব চিত্র তুলে ধরে।

সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয় এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বিভিন্ন উদ্যোগের কারণে রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের অর্থনীতির জন্য এই রিজার্ভ বৃদ্ধি একটি স্বস্তিদায়ক খবর হিসেবে দেখা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে রিজার্ভের এই ধারা ধরে রাখতে রপ্তানি বাড়ানো, আমদানি ব্যবস্থাপনায় ভারসাম্য রাখা এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিতে হবে।

কালের সমাজ/এএইচবি  

Link copied!