খুলনায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, বিক্রি ও মজুতের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পরিবেশ অধিদপ্তর। খুলনা পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় উদ্যোগে বুধবার সকাল ১১ টায় খুলনার বড় বাজারে খানজাহান আলী হকার্স মার্কেটে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬ক ধারা (নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ) লঙ্ঘনের দায়ে উত্তম এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের একই মালিকের ২ টি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে প্রতিষ্ঠানের পক্ষে কাউকে না পেয়ে অন্যান্য দোকান মালিকদের উপস্থিতিতে তালা ভেঙ্গে আনুমানিক দুই হাজার পাঁচশত বিয়াল্লিশ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম নের্তৃত্বে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ হারুন-অর-রশীদ ও পরিদর্শক মোঃ আসিফ আলম এবং পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় খুলনার সিনিয়র কেমিস্ট তানভীর হায়দার, পরিদর্শক মারুফ বিল্লাহ সহ বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী বৃন্দ। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা র্যাব-৬ এবং আনসার ও ভিডিপি, খুলনার সদস্য বৃন্দ। পরিবেশ সুরক্ষায় এ দপ্তর কর্তৃক এ ধরণের সমন্বিত অভিযান অব্যহত থাকবে বলে জানান।
কালের সমাজ/কে.পি

