ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

রাফিনিয়ার বদলি রায়ান, কোন একাদশ খেলাবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | জুন ২৪, ২০২৬, ১১:৫২ এএম রাফিনিয়ার বদলি রায়ান, কোন একাদশ খেলাবে ব্রাজিল

অনেক পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের পরও একাদশে মাত্র একটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ইনজুরিতে থাকা রাফিনিয়ার বদলে স্কটল্যান্ডের বিপক্ষে সুযোগ পেতে যাচ্ছেন ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার রায়ান। প্রতিবেদন ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোর।

মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে শেষ অনুশীলনে ডান প্রান্তের আক্রমণভাগে খেলেছেন রায়ান। ম্যাচের তিন ঘণ্টা আগে চূড়ান্ত একাদশ নিশ্চিত করা হলেও অনুশীলনের চিত্র বলছে, তরুণ এই ফুটবলারের ওপরই আস্থা রাখছেন আনচেলত্তি।

সবকিছু ঠিক থাকলে ব্রাজিল মাঠে নামতে পারে এই একাদশ নিয়ে: অ্যালিসন; দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতা; রায়ান, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

যদিও নিষেধাজ্ঞার কারণে ডগলাস সান্তোস ও কাসেমিরো দুজনই এক হলুদ কার্ড পেয়েছেন, তবু তাদের বিশ্রাম দেয়ার চিন্তা নেই কোচের। কারণ স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি গ্রুপ ‘সি’-তে শীর্ষস্থান নিশ্চিত করার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে গোল ব্যবধানে মরক্কোর চেয়ে এগিয়ে রয়েছে সেলেসাওরা।

বুধবার (২৪ জুন) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমরা শুধু সেরা একাদশ নিয়ে ভালো ফুটবল খেলতে চাই। রাফিনিয়ার বিকল্প কে হবে, সে বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা রয়েছে। এখন কার্ডের বিষয়টি নিয়ে ভাবার সুযোগ নেই।’

কালের সমাজ/এসআর

Link copied!