বিশ্বকাপে আবারও মাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও হ্যারি কেইনের ইংল্যান্ড। জয়ে ফেরার চ্যালেঞ্জে রাত ১১টায় সেলেসাও দাস কুইনাসদের প্রতিপক্ষ উজবেকিস্তান। আর এক ম্যাচ হাতে রেখে নকআউট নিশ্চিতের পথে রাত ২টায় থ্রি লায়ন্সের বাধা ঘানা।
এছাড়াও কানাডায় আগামীকাল বুধবার (২৪ জুন) ভোর ৫টায় আরেক ম্যাচে মুখোমুখি হবে পানামা ও ক্রোয়েশিয়া। আর সকাল ৮টায় মেক্সিকোতে লড়বে কলম্বিয়া ও ডি আর কঙ্গো।
আসরের শুরুটা প্রত্যাশিত হয়নি পর্তুগালের। ডি আর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর মাঠের ফুটবলের সমালোচনা কখনও কখনও ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত গড়িয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ তাই সেলেসাও দাস কুইনাসদের ফিরে পাওয়ার মিশন।
প্রথম ম্যাচে ৭৮৩টি পাস খেললেও গোলমুখে মাত্র ৫টি শট নিতে পেরেছে পর্তুগিজরা। জোয়াও নেভেসের একমাত্র গোলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রবার্তো মার্টিনেজের শিষ্যরা। পর্তুগিজ পোস্টারবয় ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে।
প্রতিপক্ষ উজবেকিস্তান বিশ্বকাপ অভিষেক রাঙাতে পারেনি। কলম্বিয়ার বিপক্ষে ৩-১ গোলে হেরে কিছুটা ব্যাকফুটে রয়েছে উজবেকরা। দ্বিতীয় ম্যাচে পর্তুগালের পরীক্ষাও কঠিন হবে নবাগত দলটির জন্য।
অপরদিকে বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট হিসেবে প্রত্যাশিত শুরু পেয়েছে ইংল্যান্ড। হ্যারি কেইনের জোড়া গোলে সহজ জয় পাওয়া থ্রি লায়ন্সের সামনে এবার ঘানার চ্যালেঞ্জ।
আসরের শুরুটা পানামার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় দিয়ে করেছে ঘানা। ইংল্যান্ড ম্যাচের আগে তাই উজ্জীবিত আফ্রিকার দেশটি। ১৫ বছর আগে দু’দলের একমাত্র দেখায় কেউই জেতেনি।
এদিকে টুর্নামেন্টে বাঁচা-মরার লড়াই ক্রোয়েশিয়ার। ইংল্যান্ডের বিপক্ষে ৪-২ ব্যবধানে হারে শুরুটা একদমই ভালো হয়নি ক্রোয়েটদের। পানামা ম্যাচে তাই জয়ের বিকল্প নেই লুকা মদ্রিচদের সামনে।
কালের সমাজ/এসআর

