মাঠ ও মাঠের বাইরে শত প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বিশ্বকাপে খেলছে ইরান। পারফরম্যান্সেও একেবারে মন্দ নয়। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল দলটি। এবার লস অ্যাঞ্জেলেসে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র করেছে টিম মেল্লি।
এই ম্যাচও শেষের কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ছাড়তে হয়েছে ইরানকে। তবে যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোর তিহুয়ানায় যাওয়ার আগে সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি চিঠি রেখে যান ইরানি ফুটবলাররা।
ইরান ফুটবল ফেডারেশন সেই চিঠির একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায় চিঠিতে তারা লিখেছে, ‘হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত, ইরানের চেতনা জীবন্ত ও অটল রয়েছে।’
এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ইরান। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হয় ইরান। এ নিয়ে দলের অধিনায়ক ও কোচ ক্ষোভ জানিয়েছেন। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ শেষেও একইভাবে যুক্তরাষ্ট্র ছাড়তে হয়।

এদিকে চিঠিতে ভেন্যু কর্তৃপক্ষ ও সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়েছে ইরান। তারা লিখেছে, ‘ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস, আপনাদের আতিথেয়তার জন্য। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মর্যাদা নিয়ে ছেড়ে যাচ্ছি।’
সমর্থকদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বিশ্বের সকল দেশে শান্তি বজায় রাখার বার্তাও রয়েছে ইরানের চিঠিতে, ‘প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ, যারা তাদের হৃদয়, আওয়াজ এবং প্রাণ দিয়ে ১৮০ মিনিট আমাদের সমর্থন দিয়েছে। প্রত্যেক দেশের মাঝে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক।’
নীল কালিতে লেখা ওই চিঠিতে লাল কালিতে ‘৭৬৮’ এবং ‘মিনাব’ নামে দুটি শব্দ উল্লেখ করেছে ইরান। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মিনাবের একটি স্কুল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ১৬৮ জন শিশু প্রাণ হারিয়েছিল।
কালের সমাজ/এসআর

