মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, যা দুই দেশের আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
একান্ত বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিদল নিয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কৃষি, শিক্ষা, সেমিকন্ডাক্টর শিল্প, প্রযুক্তি এবং জন-যোগাযোগসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে করেন
বিশেষ করে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় কর্মরত রয়েছেন এবং নতুন করে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া আরও সহজ ও সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উভয় দেশ দক্ষ জনশক্তি উন্নয়ন এবং বৈধ অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছে।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত সহযোগিতা এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। একই সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

একান্ত বৈঠকে বসার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন
দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। এ উপলক্ষে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় গান পরিবেশন করবেন, যা দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।
সার্বিকভাবে, এই সফর ও বৈঠক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, শ্রমবাজার সম্প্রসারণ এবং পারস্পরিক উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে। সূত্র বাসস
কালের সমাজ/এএইচবি

