ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নতুন করে যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা থেকে লেবাননে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১৯ জুন) সিএনএন এর প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় , এ সমঝোতা প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও কাতার মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। তবে আরেকটি কূটনৈতিক সূত্রের দাবি, কাতার, যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে এ চুক্তির মধ্যস্থতা করেছে।
সাম্প্রতিক সংঘর্ষে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর যুদ্ধবিরতি পুনর্বহালের এ উদ্যোগকে অঞ্চলটির স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তবে শুক্রবার বিকেলে এক ব্রিফিংয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন মুখপাত্র যুদ্ধবিরতির বিষয়টি সরাসরি স্বীকার করতে অস্বীকৃতি জানান।
তিনি বলেন, ‘আমরা বিদ্যমান রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছি। সেই নির্দেশনায় পরিবর্তন না আসা পর্যন্ত আমাদের কার্যক্রমও একইভাবে চলবে।’
যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কি না এবং এর শর্তাবলি কী হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ঘোষণা দেওয়া হয়নি। তবে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সংঘাত প্রশমনে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
কালের সমাজ/কে.পি

