রাজশাহীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাসের কাজী নজরুল ইসলাম ছাত্রাবাসের সামনে অবস্থিত পুকুরটির বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা। একসময় দৃষ্টিনন্দন এ পুকুরটি বর্তমানে কচুরিপানা ও মৃত মাছের দুর্গন্ধে পরিণত হয়েছে স্বাস্থ্যঝুঁকির উৎসে।
পুকুরটির দেখভালের দায়িত্বে থাকা কলেজ মসজিদ কমিটির বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, পুকুরটির তত্ত্বাবধান করে মসজিদ কমিটি। এ বিষয়ে কমিটির আহ্বায়কের সঙ্গে কথা হলে তিনি প্রথমে মাছের কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেন। তবে বক্তব্যের একপর্যায়ে তিনি স্বীকার করেন যে কিছু মাছ মারা গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে।
এ বিষয়ে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জীর কাছে জানতে চাইলে তিনি বলেন, পুকুর-সংক্রান্ত বিষয়টি মসজিদ কমিটির সদস্যরা দেখভাল করছেন। পুকুরের বেহাল অবস্থা ও আশপাশে মশার উপদ্রব প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, মশা নিয়ন্ত্রণের বিষয়টি সিটি করপোরেশনের দায়িত্ব।
শিক্ষার্থীরা দ্রুত মৃত মাছ অপসারণ, পুকুর পরিষ্কার এবং স্বাস্থ্যঝুঁকি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পরিবেশ দূষণের পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে।
কালের সমাজ/কে.পি

