ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

স্পোর্টস ডেস্ক | জুন ২৩, ২০২৬, ১০:৩০ এএম হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

আর্লিং হালান্ডের দুর্দান্ত জোড়া গোলে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ে। দীর্ঘ ২৮ বছর পর আবারও বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নিল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। তবে সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দো মেন্ডির একের পর এক অসাধারণ সেভে প্রথমদিকে গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত প্রথমার্ধের ৪৩তম মিনিটে মার্কাস পেডারসেনের গোলে এগিয়ে যায় নরওয়ে।

বিরতির পরই জ্বলে ওঠেন আর্লিং হালান্ড। ৪৮তম মিনিটে মার্টিন ওডেগার্ডের পাস থেকে গোল করে দলের ব্যবধান ২-০ করেন তিনি। পাঁচ মিনিট পর ইসমাইলা সার গোল করে সেনেগালকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন।

তবে ৫৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আবারও নরওয়ের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন হালান্ড। প্যাট্রিক বার্গের ক্রস থেকে দারুণ ভলিতে বল জালে জড়িয়ে বিশ্বকাপে নিজের গোলসংখ্যাও বাড়িয়ে নেন ম্যানচেস্টার সিটির এই তারকা।

ম্যাচের শেষ দিকে হ্যাটট্রিকের সুযোগ পেয়েও তা হাতছাড়া করেন হালান্ড। অন্যদিকে যোগ করা সময়ে সারের দ্বিতীয় গোলে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি সেনেগাল।

এই জয়ে গ্রুপ ‘আই’ থেকে ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ে। দুই ম্যাচে সমান ৬ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে ফ্রান্স। গ্রুপ সেরার লড়াইয়ে আগামী ২৭ জুন মুখোমুখি হবে ফ্রান্স ও নরওয়ে।

কালের সমাজ/এসআর

Link copied!