চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি বায়ার্ন মিউনিখ ও পিএসজি। রাত ১টায় আলিয়াঞ্জ অ্যারেনায় বর্তমান চ্যাম্পিয়নদের আতিথ্য জানাবে বাভারিয়ানরা। ২০২০ সালের পর আবারও ফাইনালে ওঠার লক্ষ্য জার্মান জায়ান্টদের। অন্যদিকে ব্যাক-টু-ব্যাক ফাইনাল নিশ্চিত করতে চায় প্যারিস সাঁ জার্মেই (পিএসজি)।
পার্ক দ্য প্রিন্সেসে হওয়া গোলবন্যার ম্যাচটি অনেকের মতে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ ছিল। আক্রমণের পসরা সাজিয়ে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছিল বায়ার্ন মিউনিখ ও পিএসজি। আজ আলিয়াঞ্জ অ্যারেনায় কি আবারও একই ধরনের ম্যাচের সাক্ষী হতে চলেছে ফুটবল বিশ্ব?
এক গোলে পিছিয়ে থেকে ঘরের মাঠে নামবে বায়ার্ন। বুন্দেসলিগায় ৩২ ম্যাচে ১১৬ গোল করার অবিশ্বাস্য রেকর্ড ভিনসেন্ট কোম্পানির দলের। চ্যাম্পিয়নস লিগেও ১৩ ম্যাচে তাদের গোলসংখ্যা ৪২। ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার গড়া ৪৫ গোলের রেকর্ড ভাঙার সুযোগ আছে বাভারিয়ানদের সামনে। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে দ্বিতীয় লেগের আগেও গোলবন্যার আভাস দিয়েছেন বায়ার্ন কোচ।
বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, আমরা চলতি মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ জেতা এবং সবচেয়ে বেশি গোল করা দল হিসেবে এ ম্যাচে মাঠে নামব। সবাই আত্মবিশ্বাসী যে ফাইনাল নিশ্চিত করতে পারব।
দলে কোনো ইনজুরি জটিলতা নেই। তবে আগের চোটের কারণে আগেই ছিটকে গেছেন সার্জ গনাব্রি ও রাফায়েল গুরেরো।
অন্যদিকে শুভস্মৃতি নিয়ে মাঠে নামবে পিএসজি। কারণ এ মাঠেই গেল মৌসুমে আসরের প্রথম শিরোপা ঘরে তুলেছিল ফরাসি জায়ান্টরা। পাশাপাশি ২০১৫ সালে বার্সেলোনার কোচ থাকাকালীনও বায়ার্নকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন লুইস এনরিকে। তাই ম্যাচের আগে পুরনো দিনের সুখস্মৃতি মনে করিয়ে দিলেন পিএসজি কোচ।
পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, এই মাঠে আমাদের অসাধারণ স্মৃতি আছে। গেল বছরের অভিজ্ঞতা সবসময় মনে থাকবে। বার্সেলোনায় থাকার সময়ও এখানে জিতেছি। এগুলো অবশ্যই বাড়তি অনুপ্রেরণা দেয়। বায়ার্ন নিজেদের মাঠে খুবই শক্তিশালী, তবে আমরা জয়ের লক্ষ্যেই নামব।
তবে বড় ম্যাচের আগে ধাক্কা খেয়েছে পিএসজি শিবির। হ্যামস্ট্রিং ইনজুরিতে খেলবেন না মরক্কান রাইটব্যাক আশরাফ হাকিমি। তার জায়গায় খেলবেন ওয়ারেন জাইরে-এমেরি। পাশাপাশি হাতের চোটের কারণে নেই গোলরক্ষক লুকাস শেভালিয়ে। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ১৩ ম্যাচে ৪৩ গোল করেছে পিএসজি। তাদের সামনে এখন এক মৌসুমে সর্বাধিক গোলের রেকর্ড গড়ার হাতছানি।
কালের সমাজ/এসআর

