কাতার বিশ্বকাপের আগেও ইনজুরি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল আর্জেন্টিনার জন্য। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে নিকো গঞ্জালেস ও জিওভানি লো সেলসোদের মতো খেলোয়াড়দের স্কোয়াড থেকে বাদ দিতে হয়েছিল স্কালোনিকে। আসন্ন বিশ্বকাপেও একই ধরনের শঙ্কা ঘিরে ধরছে দলটিকে।
মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপ শুরুর বাকি দেড় মাসেরও কম সময়। তবে, এর মধ্যে বর্তমান চ্যাম্পিয়নদের ইনজুরি পরিস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দুতে। যদিও এখন পর্যন্ত দল থেকে বড় কোনো কাটছাঁটের ঘটনা ঘটেনি। তবু, দল গঠনে কিছুটা প্রভাব পড়ছে এবং আগের আসরের পরিস্থিতির স্মৃতি ফিরিয়ে আনছে।
সবশেষ ইনজুরিতে আলোচনায় এসেছেন হুলিয়ান আলভারেজ। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে চোট পেয়ে মাঠ ছাড়লেও পরীক্ষায় গুরুতর কিছু ধরা পড়েনি। ফলে তিনি দ্বিতীয় লেগে খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে।
আলভারেজকে নিয়ে স্বস্তি থাকলেও নিকোলাস গঞ্জালেসকে নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। আর্জেন্টিনা দলের নিয়মিত এই ফুটবলার পেশির ইনজুরিতে পড়েছেন এবং তাকে ৩ থেকে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।
অন্যদিকে ক্রিস্তিয়ান রোমেরোও দুশ্চিন্তা বাড়িয়েছেন স্কালোনির জন্য। লিগামেন্টের ইনজুরিতে এপ্রিলের মাঝামাঝি থেকে মাঠের বাইরে থাকা এই টটেনহ্যাম সেন্টার ব্যাককে ৬ থেকে ৮ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। ফলে বিশ্বকাপে ফিরলেও ম্যাচ ফিটনেস নিয়ে সংশয় থেকে যাচ্ছে।
এ ছাড়া, পুরো বছরজুড়ে ফিটনেস সমস্যায় ভুগছেন লওতারো মার্তিনেজ। সবমিলিয়ে শিরোপা ধরে রাখার মিশনে ইনজুরিই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য।
কালের সমাজ/এসআর

