প্রথমার্ধে ম্যানচেস্টার সিটির একচেটিয়া দাপটে এভারটন যেন ছিল পুরোপুরি কোণঠাসা। কিন্তু বিরতির পর চিত্রটাই পাল্টে যায় নাটকীয়ভাবে।
স্বাগতিকদের ঝড়ো আক্রমণে দিশেহারা হয়ে পড়া পেপ গুয়ার্দিওলার দল শেষ মুহূর্তে গোল করে কোনোমতে ড্র তুলে নেয়।
ইংলিশ প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর এই ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ সমতায়।
গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারিয়ে শিরোপা দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে সিটি, সুবিধাজনক অবস্থানে উঠে এসেছে আর্সেনাল। এই ম্যাচে সিটির হয়ে প্রথম ও শেষ গোল করেন জেরেমি ডোকু, আর মাঝের গোলটি আসে আর্লিং হলান্ডের পা থেকে।
যোগ করা সময়ের সপ্তম মিনিটে ডোকুর গোলই হার এড়ানোর পাশাপাশি শিরোপা লড়াইয়ে বড় ভূমিকা রাখতে পারে। এভারটনের হয়ে জোড়া গোল করেছেন তিয়ের্নো বেরি, অন্য গোলটি জ্যাক ও’ব্রায়েনের।
বর্তমানে ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। ৩৪ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সিটি। ১৬তম মিনিটে প্রথম বড় সুযোগ আসে, তবে হলান্ডের শট রুখে দেয় এভারটনের রক্ষণ। কিছুক্ষণ পর নিকো ও’রাইলির শটও একই পরিণতি পায়। একই ধারায় আক্রমণ চালিয়ে যেতে থাকে সিটি। চেরকির শট গোলরক্ষকের বুকে লেগে ফিরে আসে, ফিরতি বলে সেমেনিও লক্ষ্যভ্রষ্ট হন।
প্রথমার্ধে রক্ষণে ব্যস্ত থাকলেও ৩২তম মিনিটে পাল্টা আক্রমণে সুযোগ পায় এভারটন। মেরলিন রুরলের ক্রস থেকে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলেও দোন্নারুম্মা ও ডিফেন্ডাররা মিলে তা সামাল দেন। ৪৩তম মিনিটে অবশেষে গোলের দেখা পায় সিটি। চেরকির পাস পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিখুঁত শটে দলকে এগিয়ে দেন ডোকু।
বিরতির পর পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। আক্রমণে ঝাঁপিয়ে পড়ে এভারটন। ৬০তম মিনিটে এনজাইয়ের শট দোন্নারুম্মা কর্নারের বিনিময়ে ঠেকান। দুই মিনিট পর আরও বড় সুযোগ পেলেও একা পেয়ে গোল করতে ব্যর্থ হন এনজাই, দুর্দান্ত সেভ করেন ইতালিয়ান গোলরক্ষক।
৬৮তম মিনিটে সমতায় ফেরে এভারটন। ডিফেন্ডার মার্ক গেয়ির ভুল পাস থেকে বল পেয়ে সহজেই গোল করেন বেরি। ৭৩তম মিনিটে জেমস গার্নারের ক্রস থেকে হেডে দলকে এগিয়ে দেন ও’ব্রায়েন। এরপর ৮১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন বেরি।
তবে দ্রুতই ম্যাচে ফেরে সিটি। হলান্ডের চিপ শটে ব্যবধান কমে ৩-২ হয়। শেষ পর্যন্ত যোগ করা সময়ের সপ্তম মিনিটে ডোকুর বাঁকানো শটে সমতা ফেরে সিটি।
এই ড্রয়ে হার এড়ালেও তিন পয়েন্ট না পাওয়ায় শিরোপা দৌড়ে এগিয়ে গেল মিকেল আর্তেতার আর্সেনাল।
কালের সমাজ/এসআর

