ঢাকা সোমবার, ০৪ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

​ফরিদপুরে শিশু কবিতা ধর্ষণ ও হত্যা: শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

জেলা প্রতিনিধি, ফরিদপুর | মে ৪, ২০২৬, ০৮:১৯ পিএম ​ফরিদপুরে শিশু কবিতা ধর্ষণ ও হত্যা:  শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা আদর্শ গ্রামে ছয় বছর বয়সী শিশু আইরিন আক্তার বীনা (কবিতা)-কে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুসে উঠেছে ফরিদপুরবাসী। ঘটনার বিচার ও প্রধান অভিযুক্ত ইসরাফিল মৃধাসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (৪ মে) বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

​১১ নম্বর গেরদা ইউনিয়নবাসী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, ছয় বছরের শিশু কবিতাকে যেভাবে হত্যা করা হয়েছে, তা মানবতাবিরোধী। এ ধরনের জঘন্য ঘটনা সমাজকে আতঙ্কিত করে তুলেছে। তারা অবিলম্বে খুনিদের শনাক্ত করে দ্রুত বিচার এবং ফাঁসির দাবি জানান।

​মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তারা সাম্প্রতিক সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সরকারকে কঠোর হাতে অপরাধীদের দমন করার আহ্বান জানিয়ে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কবিতার হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি ফরিদপুরে মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বক্তারা।

​স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানুষ মানুষের জন্য’-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজি রিয়াজ, মুখ্য সমন্বয়ক জেবা তাহসিন, অ্যাডভোকেট মেহেরুন্নেসা স্বপ্না, গেরদা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো. জাকারিয়া, যুবদল নেতা কাকন মিয়া, ‘মানবতার কল্যাণে ফরিদপুর’-এর সভাপতি মোহাম্মদ সিয়াম, বিএনপি নেতা হাজ্জাজ বিন ইউসুফ প্রমুখ।

​বক্তব্যের সময় নিহত শিশুর মা তাহমিনা বেগম ও বাবা বাঁকা মিয়া কান্নায় ভেঙে পড়েন এবং তাদের সন্তানের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। কর্মসূচিতে গেরদা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির স্লোগান দেন।

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!