সিরাজগঞ্জের তাড়াশে টানা দুই দিনের বৃষ্টিপাতে ব্যাপকভাবে নুয়ে পড়েছে ইরি/বোরো ধান। উপজেলার তাড়াশ সদর, মাধাইনগর, তালিম, বারুহাস, নওগাঁ ও মাগুরা বিনোদ ইউনিয়নের বিভিন্ন কৃষিজমি ঘুরে দেখা গেছে, অতিরিক্ত বৃষ্টির কারণে পাকা ধান মাটিতে লুটিয়ে পড়েছে। এতে ফলন কমে যাওয়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
ধান কাটার উপযুক্ত সময় ঘনিয়ে এলেও হঠাৎ এই অকাল বৃষ্টিতে কৃষকদের পরিকল্পনা ব্যাহত হয়েছে। অনেক ক্ষেত্রে জমিতে পানি জমে থাকায় ধান কাটতে বিলম্ব হচ্ছে, যা ক্ষতির ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।
মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামের কৃষক আইয়ুব আলী জানান, অনেক কষ্ট ও খরচ করে ধান চাষ করেছেন। কিন্তু আকস্মিক বৃষ্টির কারণে ধান নুয়ে পড়ায় এখন বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি বলেন, দ্রুত আবহাওয়া অনুকূলে না এলে আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়তে হবে।
একই এলাকার কৃষক আব্দুল মালেক বলেন, ধান প্রায় কাটার উপযোগী হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় টানা বৃষ্টিতে ধান জমিতে লুটিয়ে পড়েছে। এখন আবার বৃষ্টি হলে ধানের মান নষ্ট হয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তালিম ইউনিয়নের কৃষক সাইফুল ইসলাম জানান, সার, বীজ ও সেচে প্রচুর টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু হঠাৎ বৃষ্টিতে ধান নুয়ে পড়ায় লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত আবহাওয়া ভালো না হলে তাদের বড় ক্ষতির সম্মুখীন হতে হবে বলে তিনি জানান।
এ বিষয়ে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, টানা বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে অনেক এলাকায় ইরি/বোরো ধান নুয়ে পড়েছে। এ অবস্থায় কৃষকদের জমির অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন করা এবং ধান পরিপক্ব হলে যত দ্রুত সম্ভব কেটে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে ক্ষতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব হবে।
কালের সমাজ/ কে.পি

