ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

সিএজি কার্যালয়ের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী

সোনারগাঁও উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ | মে ১১, ২০২৬, ০৫:০৩ পিএম সিএজি কার্যালয়ের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে সাত দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১১ মে থেকে ১৯ মে ২০২৬ পর্যন্ত জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস, নারায়ণগঞ্জের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ বিশেষ সেবা কার্যক্রমে সম্মানিত পেনশনভোগী ও সরকারি কর্মচারীদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে পেনশনভোগীদের লাইফ ভেরিফিকেশন, লাইফ ভেরিফিকেশন অ্যাপ ব্যবহারে প্রশিক্ষণ, ওয়ান স্টপ সার্ভিস, হেল্পডেস্ক, কলসেন্টার ও ওয়েবসাইট বিষয়ক অবহিতকরণ, পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ সংক্রান্ত পরামর্শ এবং পুনঃস্থাপিত পেনশন বিষয়ে সহায়তা।

এছাড়াও প্রতিবন্ধী সন্তান সংক্রান্ত বিধি-বিধান, পেনশন ইএফটি, ব্যাংক হিসাব নম্বর, মোবাইল নম্বর ও নমিনি পরিবর্তনসহ বিভিন্ন তথ্য সংশোধন সংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে।

সরকারি কর্মচারীদের জন্য জিপিএফ হিসাব খোলা, নমিনি এন্ট্রি ও পরিবর্তন, জিপিএফ অগ্রিম গ্রহণ, চূড়ান্ত পরিশোধ, অনলাইনে টিএ/ডিএ বিল দাখিল, বেতন বিল, এলপিসি, শিক্ষা ভাতা, ফিক্সেশন এবং আইবাস++ সংক্রান্ত বিভিন্ন সেবা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস, নারায়ণগঞ্জ সূত্রে জানা যায়, এ বিশেষ কার্যক্রমের মাধ্যমে সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা দ্রুত ও সহজে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারছেন।

বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি)-এর প্রধান নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে সোমবার (১১ মে) এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সরকারি সেবাকে আরও সহজ, আধুনিক ও জনবান্ধব করতে প্রযুক্তিনির্ভর কার্যক্রমের বিকল্প নেই। পেনশনভোগী ও সরকারি কর্মচারীদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সিএজি কার্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় আরও বক্তব্য রাখেন হিসাব মহা নিয়ন্ত্রক এস এম রেজভী,উদ্বোধন শেষে সেবা গ্রহীতাদের মাঝে চেক বিতরণ করা হয়।

ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস, নারায়ণগঞ্জের কর্মকর্তা আনোয়ার হোসেন বক্তব্যে বলেন, “সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ বিশেষ সেবা কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে ওয়ান স্টপ পেনশন সার্ভিস ডেলিভারি.

সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দোরগোড়ায় দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়া। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেবার মান আরও উন্নত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ কার্যক্রমের মাধ্যমে সেবাগ্রহীতারা এ ছাড়াও বিভিন্ন সেবা ও পরামর্শ গ্রহণ করতে পারছেন, যা তাদের ভোগান্তি অনেকাংশে কমাবে।” অনুষ্ঠানে জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস, নারায়ণগঞ্জের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

 

কালের সমাজ/কে.পি

Link copied!