ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

লক্ষ্মীপুরে কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর | মে ২৪, ২০২৬, ০৪:১২ পিএম লক্ষ্মীপুরে কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরের খামারগুলোতে কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা। তবে গোখাদ্যের মূল্যবৃদ্ধিসহ পশু পালনে আনুষাঙ্গিক জিনিসের মূল্য বৃদ্ধিতে পশুর ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। খামারিরা চান বিদেশ থেকে যেন গরু না আসে। বিদেশী গরু আসলে লোকসানের মুখে পড়বেন তারা।

এবার কোরবানির জন্য লক্ষ্মীপুর জেলায় পশুর চাহিদা ৮৯ হাজার ২১৫টি হলেও প্রায় তিন হাজার ছোট-বড় খামারে লালন-পালন করা হচ্ছে ৯৫ হাজার ৪৭৭টি পশু, যা চাহিদার তুলনায় ৬ হাজার ২৬২টি বেশি। জেলার পাঁচটি উপজেলার প্রতিটি খামারে এখন চলছে কোরবানির পশুর পরিচর্যা। এর মধ্যে সদর উপজেলার বালাশপুরের আদর্শ গরুর খামারটি উল্লেখযোগ্য।

প্রতিদিন নিজস্ব বাগানে উৎপাদিত ঘাস, খড় ও অন্যান্য খাবার দিয়ে সম্পন্ন প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করে কোরবানির জন্য প্রস্তুত করছেন খামারিরা। জেলার মজুত অনুযায়ী পশুর কোনো ঘাটতি হওয়ার আশঙ্কা নেই বলেও মনে করছেন স্থানীয়রা। তবে সীমান্ত দিয়ে ভারতীয় গরু ঢুকলে দেশীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হবেন বলে জানিয়েছেন তারা। এ বিষয়ে সরকারি হস্তক্ষেপ দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্থানীয় খামারি আওলাদ হোসেন ও কর্মচারীরা বলেন,গেল বছরের তুলনায় গোখাদ্যের দাম অনেক বেড়েছে। তাই  গরুর সঠিক দাম পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গরুগুলোকে পুষ্টিকর খাবার যেমন খৈল, ভুসি, ছোলা, সবুজ ঘাস ও গম খাওয়ানো হচ্ছে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করা হচ্ছে, কোনো হরমোন বা স্টেরয়েড ব্যবহার করা হচ্ছে না। প্রাকৃতিক উপায়ে এসব গরু লালন-পালন করা হচ্ছে। তবে গরু লালন পালনে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের কোন সহায়তা পান না বলেও অভিযোগ করেন খামারিরা। কোরবানকে সামনে রেখে তাদের খামারে চলছে অতিরিক্ত যত্ন, পরিচর্যা ও পশুর চিকিৎসার ব্যবস্থা।

লক্ষ্মীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ কে এম ফজলুল হক  জানান,  খামারিদের নিয়মিত পরামর্শ ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। জেলার চাহিদার তুলনায় পশু বেশি থাকায় ঈদে ঘাটতির কোনো আশঙ্কা নেই। পাশাপাশি ভারত থেকে গরু আসা ঠেকাতে কড়া নজরদারিতে রয়েছে প্রাণিসম্পদ বিভাগ। কোরবানির সময় প্রতিটি হাটে পশু চিকিৎসক মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

 

কালের সমাজ/কে.পি

Link copied!