ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ আদায়ে বাধার অভিযোগ

জেলা প্রতিনিধি, ফরিদপুর | জুন ২২, ২০২৬, ০৮:১২ পিএম শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ আদায়ে বাধার অভিযোগ

ফরিদপুরে শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ আদায়ে বাধার অভিযোগে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। 

সোমবার (২২ জুন) অতিরিক্ত জেলা প্রশাসকের আশ্বাসের পর বন্ধ থাকা বাস চলাচল পুনরায় স্বাভাবিক হয়।শ্রমিক নেতারা জানান, দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর সরকার অনুমোদিত শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ পুনরায় আদায়ের উদ্যোগ নেওয়া হয়। 

এ তহবিলের অর্থ পঙ্গু, দুস্থ, অসহায়, বেকার ও মৃত্যুবরণকারী শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়। কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে তার পরিবারের সদস্যদের এ তহবিল থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।সোমবার সকালে রাজবাড়ী রাস্তার মোড়ে তহবিলের অর্থ সংগ্রহ করতে গেলে সিদ্দিক নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ করেন শ্রমিকরা। এর প্রতিবাদে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিলে বিভিন্ন রুটে যাত্রীদের দুর্ভোগ দেখা দেয়। 

দূরপাল্লার যাত্রীরাও ভোগান্তির শিকার হন।এ বিষয়ে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম আজাদ,১০৫৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোল্লা এবং কার্যকরী সভাপতি মারুফ মোল্লা।

বক্তারা বলেন, দেশের অন্যান্য জেলায় শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ নিয়মিত আদায় করা হলেও ফরিদপুরে গত ১৭ বছর ধরে তা বন্ধ ছিল। বিগত সরকারের আমলে এ অর্থ আদায়ে বাধা দেওয়া হয়েছিল বলেও তারা দাবি করেন।তারা আরও বলেন, দীর্ঘদিন তহবিলের অর্থ সংগ্রহ না হওয়ায় প্রায় ৩০০ জন মৃত শ্রমিকের পরিবারকে নির্ধারিত ৫০ হাজার টাকা করে মৃত্যুকালীন ভাতা পরিশোধ করা সম্ভব হয়নি।

 সরকার অনুমোদিত এ অর্থ রসিদের মাধ্যমে আদায় করা হলেও একটি পক্ষ এর বিরোধিতা করছে বলে অভিযোগ করেন শ্রমিক নেতারা।পরে অতিরিক্ত জেলা প্রশাসক বিষয়টি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করেন এবং বাস চলাচল স্বাভাবিক হয়।
 

শ্রমিকরা কল্যাণ তহবিলের অর্থ আদায়ে সকল বাধা দূর করে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত সিদ্দিকের বক্তব্য জানা সম্ভব হয়নি।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!