ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কালের সমাজ ডেস্ক | জুন ২২, ২০২৬, ০৬:৫৮ পিএম মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফর শেষে চীনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফর শেষে চীনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার (২২ জুন) বিকাল ৫টার দিকে তিনি ও তার সফরসঙ্গীরা কুয়ালালামপুর থেকে বিশেষ বিমানে চীনের দালিয়ানের পথে রওনা হন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী মালয়েশিয়া থেকে সরাসরি চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি দুই দিন বেশ কর্মব্যস্ত সময় কাটাবেন। দালিয়ানের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন এবং সেখানেই তার সরকারি সফরের মূল আনুষ্ঠানিকতা ও দ্বিপাক্ষিক বৈঠকগুলো শুরু হবে।

সফরসূচি অনুযায়ী, চীনের দালিয়ানে অনুষ্ঠিতব্য বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


এর আগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ‘বুঙ্গা রায় কমপ্লেক্স’-এর এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানানো হয়। বিমানবন্দরে তাকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিণী।

এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকাসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  
কালের সমাজ/এএইচবি 

Link copied!