পার্বত্য জেলার বান্দরবানের লামা পৌরসভায় ১ হাজার ৬২৫ টি দরিদ্র পরিবারের মাঝে ফ্রি হাউজহোল্ড টয়লেট ও প্লাস্টিক পানির ট্যাংক বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। (সোমবার ২২ জুন) সকলের জন্য নিরাপদ পানি সরবরাহ ও টেকসই উন্নত স্যানিটেশন এই শ্লোগানকে সামনে রেখে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ১৭ কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প (ডিপিএইচই) এর আওতায় এই সুবিধা দেওয়া হচ্ছে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সার্ভের মাধ্যমে হতদরিদ্র ও দরিদ্র পরিবার চিহ্নিত করে ৮৫৭টি হাউজহোল্ড টয়লেট এবং ৭৬৮টি প্লাস্টিক পানির ট্যাংক বরাদ্দ দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। তিনি যথাযথভাবে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।স্থানীয়রা জানান, দীর্ঘদিনের স্যানিটেশন ও পানির সংকট নিরসনে এ প্রকল্প দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান।
কালের সমাজ/কে.পি

