ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য উন্মুক্ত সিলেটের সাদাপাথর

জেলা প্রতিনিধি,সিলেট | জুন ২২, ২০২৬, ০৮:১৪ পিএম নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য উন্মুক্ত সিলেটের সাদাপাথর

অব্যাহত বৃষ্টি ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কমে যাওয়ায় সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে ভ্রমণের ওপর আরোপিত সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২২ জুন) কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন পর্যটনকেন্দ্রটি পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢলের পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের নিরাপদ ভ্রমণের স্বার্থে জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

গত কয়েকদিনের টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ধলাই নদীর পানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এতে নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়ে সাদাপাথর এলাকায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে উপজেলা প্রশাসন সাময়িকভাবে পর্যটনকেন্দ্রে ভ্রমণ স্থগিত করেছিল।

তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় কেন্দ্রটি আবারও চালু করা হয়েছে। যদিও নদীতে এখনো স্রোত বিদ্যমান থাকায় ভ্রমণকালে পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে প্রশাসন।

ছাড়া পর্যটকবাহী নৌযানে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করা, লাইফ জ্যাকেট ব্যবহার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

 কালের সমাজ/এএইচবি 

Link copied!