ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

মঠবাড়িয়া ফিস মার্কেটের দোকান বরাদ্দ নিয়ে ক্ষোভ, পুরাতন ব্যবসায়ীদের

জেলা প্রতিনিধি, পিরোজপুর | জুন ২৮, ২০২৬, ০৫:১০ পিএম মঠবাড়িয়া ফিস মার্কেটের দোকান বরাদ্দ নিয়ে ক্ষোভ, পুরাতন ব্যবসায়ীদের

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার আধুনিক ফিস মার্কেটে দোকান বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন পুরাতন ব্যবসায়ীরা। তারা দাবি করেছেন, দীর্ঘ আট বছর ধরে অপেক্ষার পরও প্রতিশ্রুতি অনুযায়ী দোকান বুঝে না পেয়ে তারা চরম আর্থিক ও মানবিক সংকটে রয়েছেন।

রোববার (২৮ জুন) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ীরা জানান, ২০১৮ সালে আধুনিক ফিস মার্কেট নির্মাণের জন্য তৎকালীন পৌর কর্তৃপক্ষ তাদের পুরোনো দোকান অপসারণ করে। সে সময় এক বছরের মধ্যে পূর্বের স্থানে অতিরিক্ত কোনো অর্থ ছাড়াই দোকান ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।

তারা অভিযোগ করেন, বর্তমানে দোকান বরাদ্দের জন্য প্রতি বর্গফুট ৬ হাজার থেকে ৬ হাজার ৫০০ টাকা মূল্য নির্ধারণের পাশাপাশি মাসিক প্রতি বর্গফুট ৩০ টাকা ভাড়া ধার্য করা হয়েছে। অথচ পার্শ্ববর্তী বরগুনা জেলার অনুরূপ মার্কেটে প্রতি বর্গফুটের মূল্য ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে রয়েছে। একই ধরনের প্রকল্পে এত বড় মূল্য পার্থক্যকে অযৌক্তিক ও বৈষম্যমূলক বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে ডিসিআর ও চান্দিনা হোল্ডিংয়ের মাধ্যমে বৈধভাবে ব্যবসা পরিচালনা করলেও এখন তাদের সেই অধিকার স্বীকৃতি দেওয়া হচ্ছে না। আট বছর ব্যবসা বন্ধ থাকায় অনেক ব্যবসায়ী ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

তারা জেলা প্রশাসকের কাছে বিষয়টি তদন্ত করে পুরোনো ব্যবসায়ীদের পূর্বের দোকান ফিরিয়ে দেওয়া, যৌক্তিক মূল্যে বরাদ্দ নিশ্চিত করা এবং পুরো বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার দাবি জানান। এর আগে একই দাবিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

কালের সমাজ/কে.পি

Link copied!