ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তনের আশা তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | জুন ২৮, ২০২৬, ০৬:১৩ পিএম চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তনের আশা তথ্যমন্ত্রী
ছবি সংগ্রহ

চীনের সঙ্গে তথ্য ও সম্প্রচার খাতে স্বাক্ষরিত চারটি সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে দুই দেশের মধ্যে তথ্য ব্যবস্থাপনা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। এর ফলে দেশের গণমাধ্যম আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে বলে তিনি মনে করেন।

সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর বাংলাদেশ ও চীনের মধ্যে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সংশ্লিষ্ট চারটি সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মন্ত্রী বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং, প্রধানমন্ত্রী ও দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক অর্থনীতি, প্রযুক্তি এবং আন্তর্জাতিক পরিসরে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। চীনের আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব ভবিষ্যতে বিভিন্ন খাতে যৌথ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন। পরে বেইজিংয়ে তিনি চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং, প্রেসিডেন্ট সি চিনপিং এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণ, প্রযুক্তি, গণমাধ্যম এবং বিভিন্ন উন্নয়ন খাতে অংশীদারিত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়। সফরসঙ্গী হিসেবে মন্ত্রিপরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।

কালের সমাজ/এএইচবি

Link copied!