বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে নিয়ে প্রথমবারের মতো প্রকাশিত হতে যাচ্ছে একটি শিশুতোষ পপ-আপ বই। `শহীদ জিয়ার গল্প শোন` শিরোনামের এ বইটি লিখেছেন লেখক-সাংবাদিক সাবরিনা শুভ্রা। বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান দশমিক।
লেখক সাবরিনা শুভ্রা জানিয়েছেন, শিশু-কিশোরদের কাছে শহীদ জিয়াউর রহমানের জীবন, কর্ম ও আদর্শকে আকর্ষণীয়ভাবে তুলে ধরতেই ব্যতিক্রমী এ উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ বইয়ের তুলনায় পপ-আপ বইয়ের বিশেষত্ব হলো, এর পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে বইয়ের ভেতরের চরিত্র, স্থাপনা বা দৃশ্য ত্রিমাত্রিক (থ্রিডি) আকারে ফুটে ওঠে। ফলে শিশুরা পড়ার পাশাপাশি দৃশ্যমান অভিজ্ঞতাও অর্জন করতে পারে।
`শহীদ জিয়ার গল্প শোন` বইটিতেও ব্যবহার করা হয়েছে আধুনিক পপ-আপ প্রযুক্তি। বইয়ের বিভিন্ন পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন বয়স, কর্ম ও জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের দৃশ্য থ্রিডি আকারে উঠে আসবে। লেখকের দাবি, এতে শিশুরা যেন বইয়ের চরিত্রকে জীবন্ত মানুষের মতো অনুভব করতে পারবে, যা তাদের আগ্রহ ও মনোযোগ বাড়াতে সহায়তা করবে।
লেখক সাবরিনা শুভ্রা আরও বলেন, শিশুদের কাছে ইতিহাস ও জাতীয় ব্যক্তিত্বদের পরিচয় তুলে ধরতে হলে তাদের উপযোগী ভাষা ও উপস্থাপনার প্রয়োজন। সেই চিন্তা থেকেই বইটি লেখা হয়েছে। বইটিতে জিয়াউর রহমানের জীবনসংগ্রাম, নেতৃত্ব, দেশপ্রেম এবং রাষ্ট্রগঠনে তাঁর অবদানের বিষয়গুলো শিশুদের বোধগম্য ভাষায় তুলে ধরা হয়েছে।
প্রকাশনা প্রতিষ্ঠান দশমিক জানিয়েছে, বর্তমান প্রজন্মের অনেক শিশু ও কিশোর দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিত্বদের সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পায় না। তাই ইতিহাসকে আনন্দময় ও আকর্ষণীয় করে উপস্থাপনের লক্ষ্য নিয়েই এ পপ-আপ বই প্রকাশ করা হচ্ছে। বইটি শিশুদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি জাতীয় ইতিহাস সম্পর্কে আগ্রহ সৃষ্টি করবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।
প্রকাশকের ভাষ্য অনুযায়ী, `শহীদ জিয়ার গল্প শোন` শুধু একটি শিশুতোষ বই নয়; এটি নতুন প্রজন্মের কাছে শহীদ জিয়াউর রহমানের জীবন-দর্শন, দেশপ্রেম ও নেতৃত্বের চেতনা পৌঁছে দেওয়ার একটি সৃজনশীল প্রয়াস। বইটি প্রকাশের পর শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের মধ্যেও আগ্রহ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কালেরসমাজ/কে.পি

