ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

এআই দিয়ে আর্জেন্টিনা সমর্থককে ব্রাজিলের জার্সি পরালো এসআই, অতপর...

বরিশাল জেলা প্রতিনিধি | জুলাই ১, ২০২৬, ১১:৫৪ এএম এআই দিয়ে আর্জেন্টিনা সমর্থককে ব্রাজিলের জার্সি পরালো এসআই, অতপর...

ইয়াবাসহ গ্রেপ্তার এক মাদক কারবারির ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করে ব্রাজিলের জার্সি পরিয়ে গণমাধ্যমে পাঠানোর ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিএমপি কমিশনার মো. আশিক সাঈদের নির্দেশে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে পুলিশ কমিশনার জানান, শোকজের জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  

এর আগে সোমবার (২৯ জুন) বিকেলে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ স্থানীয় শীর্ষ মাদক কারবারি রাসেল হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ। আটক হওয়ার সময় রাসেলের গায়ে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি ছিল।

পুলিশ সূত্র জানায়, আটকের পর তার জার্সিটি উল্টো করে ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠানো হয়। পরে মিডিয়া উইংয়ে এআই প্রযুক্তি ব্যবহার করে ডিজিটালভাবে ছবিটি সম্পাদনা করা হয়। এতে আর্জেন্টিনার জার্সি পরিবর্তন করে ব্রাজিল দলের জার্সি যুক্ত করে সেই ছবি গণমাধ্যমে সরবরাহ করা হয়।

পরিবর্তিত ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিশেষ করে ব্রাজিল সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে সংশোধিত ছবি ও সঠিক তথ্য পুনরায় বিএমপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো হয়। 

 জানা গেছে, অভিযুক্ত এসআই তানজিল আহমেদ নিজেও আর্জেন্টিনা দলের সমর্থক। শারীরিক অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন ধরে বিএমপির মিডিয়া উইংয়ে দায়িত্ব পালন করছেন।  

এ ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে এসআই তানজিল আহমেদ বলেন, ঘটনাটি ‘দুষ্টুমির ছলে’ করা হয়েছিল। দায়িত্বশীল পদে থেকে এমন অপেশাদার আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।  

বিএমপির মিডিয়া উইংয়ের পরিদর্শক মো. মনির হোসেন জানান, মঙ্গলবার পুলিশ কমিশনারের দপ্তরে এসআই তানজিল আহমেদকে তলব করা হয় এবং তাকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে তাকে মিডিয়া উইং থেকে প্রত্যাহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে।  

বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্ত কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। তার ব্যাখ্যা পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

কালের সমাজ/এসআর

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!