ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস

জেলা প্রতিনিধি, পিরোজপুর | জুলাই ৬, ২০২৬, ০৫:৪৪ পিএম পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস

গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সঞ্চয়ভিত্তিক অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পিরোজপুরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং কিশোরী সংঘের সদস্যদের মধ্যে উৎসাহ বোনাসের চেক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে গ্রামকে উৎপাদনমুখী ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

তিনি বলেন, বিআরডিবির বিভিন্ন প্রকল্প নারী, যুবক ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখছে। একই সঙ্গে সঞ্চয়ের সংস্কৃতি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ গ্রামীণ সমাজ গড়ে তোলা সম্ভব। সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী। স্বাগত বক্তব্য দেন বিআরডিবি পিরোজপুরের উপপরিচালক মো. নাজমুল আনোয়ার এবং অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম।

এর আগে সকালে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, বিআরডিবির সুবিধাভোগী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
দিবসের আয়োজনের অংশ হিসেবে জেলার শ্রেষ্ঠ সুবিধাভোগীদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি কিশোরদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করা কিশোরী সংঘের সদস্যদের নিজস্ব সঞ্চয়ের বিপরীতে দ্বিগুণ উৎসাহ বোনাসের চেক এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

কালের সমাজ/কে.পি

Link copied!