ফুটবলপ্রেমী সিলেটবাসীর জন্য ফিফা বিশ উপলক্ষে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছে সিলেট সিটি কর্পোরেশন । গত বৃহস্পতিবার রাত থেকে নগর ভবন প্রাঙ্গণে বিশাল এলইডি স্ক্রিনে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
সিসিকের পক্ষ থেকে জানানো হয়, ফুটবলপ্রেমীরা যাতে একসঙ্গে বিশ্বকাপের প্রতিটি ম্যাচের উত্তেজনা ও আনন্দ উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের আবেগ ও উৎসবের নাম। সেই আনন্দে সিলেটবাসীকেও একসঙ্গে সম্পৃক্ত করতে সিটি কর্পোরেশনের এই আয়োজন।
তিনি নগরবাসীকে পরিবার, বন্ধু ও স্বজনদের নিয়ে নগর ভবন প্রাঙ্গণে এসে বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করার আহ্বান জানান। একই সঙ্গে আয়োজন সফল করতে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান।
তিনি আশা প্রকাশ করেন, এ আয়োজন ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে এবং নগরবাসী উৎসবমুখর পরিবেশে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উপভোগ করতে পারবেন।
কালের সমাজ/কে.পি

