গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাইদুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর দুই সন্তানকে রেখে তিনি পালিয়ে গেছেন।
রোববার (১২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী বেরাইদেরচালা এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত নাছিমা আক্তার (২৭) নেত্রকোনার পূর্বধলা উপজেলার খৈলাসপুর বনপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি দুই সন্তানকে নিয়ে শ্রীপুরে ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
স্বজনরা জানান, ১১ বছর আগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গিদাপাড়া গ্রামের সাইদুল ইসলামের সঙ্গে নাছিমার বিয়ে হয়। দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে ছয় মাস আগে নাছিমা সন্তানদের নিয়ে শ্রীপুরে চলে আসেন। এক মাস আগে সাইদুলও একই বাসায় এসে বসবাস শুরু করেন।
নিহতের ভাবি নার্গিস আক্তার জানান, গভীর রাতে কান্নার শব্দ শুনে তারা কক্ষে গিয়ে নাছিমাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
কালের সমাজ/কে.পি

