কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বহুল আলোচিত সেলিম বাবু হত্যা মামলায় প্রধান আসামি ইউপি সদস্য নুর মোহাম্মদসহ তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) হাইকোর্ট থেকে পাওয়া অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তিন আসামি কক্সবাজার জজ আদালত-২-এ আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন— ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তর নাপিতখালীর ইউপি সদস্য নুর মোহাম্মদ (৫৭), একই এলাকার মোবারক (৩৫) ও তার ভাই রমিজ আহমদ (৩৮)। এর আগে মামলার ২ নম্বর আসামি ও প্রধান আসামির ছেলে আতাউল্লাহ (৩১) গ্রেপ্তার হন।
নিহতের মামা লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সনক কান্তি আদালত কর্তৃক আসামীদের জেল হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মামলার এজাহার অনুযায়ী, গত ১৬ এপ্রিল গভীর রাতে ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী এলাকার বাসিন্দা ফয়সাল মোহাম্মদ সেলিম চৌধুরী (৩২) ওরফে সেলিম বাবুকে মাছ চুরির অভিযোগে ঘর থেকে তুলে নিয়ে ঘের মালিকপক্ষ রাতভর নির্মম নির্যাতন চালায়। গুরুতর আহত অবস্থায় তিনি ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৮ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নিহতের মা দিলদার বেগম বাদী হয়ে ঈদগাঁও থানায় ইউপি সদস্য নুর মোহাম্মদকে প্রধান আসামি করে একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আলোচিত এই হত্যা মামলায় আদালতের সর্বশেষ এ আদেশ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
কালের সমাজ/কে.পি

