ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম ফনোলাপ

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতার আশ্বাস

বিশেষ প্রতিনিধি | জুলাই ২৮, ২০২৬, ০৬:৩৮ পিএম গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতার আশ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম : ছবি সংগ্রহ

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে একটি চিঠি পাঠান। মঙ্গলবার কুয়ালালামপুরে সফররত প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন সেই চিঠি আনোয়ার ইব্রাহিমের হাতে তুলে দেন।
চিঠি পাওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, তিনি দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের জন্য সম্ভাব্য সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করবেন এবং সে বিষয়ে দ্রুত বাংলাদেশকে অবহিত করবেন।
ফোনালাপে আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশের মানুষের চলমান কষ্টে মালয়েশিয়াও সমব্যথী। তিনি বলেন, মানুষের এই দুর্ভোগ তাদেরও স্পর্শ করে এবং যেসব সহযোগিতা দেওয়া সম্ভব, তা দ্রুত বিবেচনা করা হবে।
মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টায় দুই প্রধানমন্ত্রীর মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, দেশের উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি পেট্রোবাংলা, আরপিজিসিএলসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দিন-রাত কাজ করছে। প্রধানমন্ত্রীও সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজ রাখছেন এবং প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করছেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এই চাহিদা ও সরবরাহের ঘাটতি যতটা সম্ভব কমিয়ে আনতেই মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি আরও বলেন, মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনা নিয়ে কাজ চলছে। পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতা, বিশেষজ্ঞ পরামর্শ এবং প্রয়োজনীয় সম্পদ ভাগাভাগির মতো বিকল্প সহযোগিতার বিষয়ও আলোচনায় রয়েছে।
সরকারের মতে, বর্তমান সংকট মোকাবিলায় কোনো ধরনের উদ্যোগের ঘাটতি রাখা হচ্ছে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের দুর্ভোগ লাঘবকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সে কারণেই প্রধানমন্ত্রী নিজে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছেন এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই উদ্যোগের মাধ্যমে গ্যাস সংকট নিরসনে নতুন সম্ভাবনা তৈরি হবে এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়লে দেশের সাধারণ মানুষের ভোগান্তি কমবে, এমন প্রত্যাশা সরকারের সংশ্লিষ্ট মহলের।

কালের সমাজ/এএইচবি 
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!