ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

কলেজের দেয়াল ধসে টিসিবির পণ্য নিতে আসা ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | জুলাই ২৮, ২০২৬, ০৫:২৬ পিএম কলেজের দেয়াল ধসে  টিসিবির পণ্য নিতে  আসা ২ জনের মৃত্যু

 ন্যায্যমূল্যে টিসিবির পণ্য নিতে এসেছিলেন তারা। লাইন দিয়ে অপেক্ষার প্রহর গুণছিলেন কলেজের দেয়াল ঘেষে। কিন্তু পণ্য নিয়ে তাদের ঘরে ফেরা হয়নি। দেয়াল ধসে পড়ে অপেক্ষমান মানুষের ওপর। তাতে চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়।  এ ঘটনায় জনা ছয়েক মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই)  মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দেয়াল ধসে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের সড়কটি মিরপুরের লাভ রোড হিসেবে পরিচিত।

মৃতদের একজনের নাম নাসিমা বেগম, তিনি পাশের জনতা হাউজিং এলাকার বাসিন্দা। এছাড়া মারা যাওয়া আনুমানিক ৪০ বছর  নাম-পরিচয় জানা যায়নি।

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলছেন, দুপুর ১টা ২৬ মিনিটের দিকে হঠাৎ মিরপুর কলেজের দেয়াল ধসে পড়লে ৮ জন আহত হয়। পরে তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়।

ওসি বলেন, সেখানে প্রতিদিনই টিসিবির পণ্য বিক্রি হয়। ন্যায্যমূল্যে পণ্য নিতে মানুষ ভিড় করে এখানে। আজও অনেক মানুষ পণ্য সংগ্রহের লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করেই প্রাচীরটি লাইনে দাঁড়ানো লোকজনের ওপর ধসে পড়ে। এতে কয়েকজন দেয়ালচাপা পড়েন। লোকজন ভাঙা দেয়াল সরিয়ে আহতদের উদ্ধার করে।

ঘটনার বর্ণনায় দিয়ে ওসি হাফিজুর বলেন, একটা বিকট শব্দ হয়। পাশেই আমাদের একটি মোবাইল (টহল) টিম ছিল। পরে আমরা গেলাম। সবাই মিলে ইটের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধার করার চেষ্টা করি।

আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এসময় নাসিমা বেগম নামের ওই নারীকে পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।

পরে ঢাকা মেডিকেলে এক পুরুষকে মৃত ঘোষণা করা হয়। সেখানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন আরেক নারী।

ওসি বলছেন, ওই দেওয়ালটা অনেক পুরনো। এটার উচ্চতাও অনেক বেশি, ১০ থেকে ১২ ফিট হবে।
কালের সমাজ/এএইচবি

 

Link copied!