গাজীপুরের শ্রীপুরে বৈধভাবে ক্রয়কৃত কৃষিজমি জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার এবং প্রবাসী পরিবারকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ফারজানা আক্তার খান। তিনি সৌদি আরব প্রবাসী শরিফ হোসেন খানের স্ত্রী এবং শ্রীপুর উপজেলার গোসিঙ্গা এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে ফারজানা আক্তার জানান, প্রায় ১৮ বছর আগে তাঁর স্বামী শরিফ হোসেন খান শ্রীপুর মৌজায় ১৭ শতাংশ কৃষিজমি বৈধভাবে ক্রয় করেন। জমি ক্রয়ের পর আইন অনুযায়ী নামজারি (খারিজ), খাজনা পরিশোধসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র সম্পন্ন করে তাঁরা দীর্ঘদিন ধরে উক্ত জমিতে শান্তিপূর্ণ ও বৈধ ভোগদখলে রয়েছেন।
অভিযোগ করে তিনি বলেন, সম্প্রতি কিছু ব্যক্তি তাঁদের সম্মতি না নিয়েই রাতের আঁধারে উক্ত কৃষিজমিতে মাটি ফেলে ভরাট করছে এবং জোরপূর্বক রাস্তা নির্মাণের অপচেষ্টা চালাচ্ছে। এতে বাধা দিলে প্রতিপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁদের বিরুদ্ধে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচার শুরু করে। এর ফলে একজন প্রবাসীর পরিবার হিসেবে তাঁরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন এবং চরম মানসিক ভোগান্তির শিকার হচ্ছেন।
তিনি আরও উল্লেখ করেন, জমি সংক্রান্ত সকল কাগজপত্র তাঁদের নামে বৈধ ও আইনসম্মত রয়েছে। জমি নিয়ে কারও কোনো দাবি বা আপত্তি থাকলে তা দেশের প্রচলিত আইন ও আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। জোরপূর্বক দখল চেষ্টা বা অপপ্রচার কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।
সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবারটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সাথে সাংবাদিকদের প্রতি জমির বৈধ কাগজপত্র ও উভয় পক্ষের বক্তব্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানানো হয়।
কালের সমাজ/কে.পি

