ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

লাইসেন্স ছাড়া মিষ্টি উৎপাদন ও দইয়ের লেবেলিংয়ে অনিয়মের অভিযোগ

কালের সমাজ ডেস্ক | আগস্ট ৪, ২০২৬, ০৭:২৯ পিএম লাইসেন্স ছাড়া মিষ্টি উৎপাদন ও দইয়ের লেবেলিংয়ে অনিয়মের অভিযোগ

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন অনিয়মের দায়ে নগরীর অলিম্পিয়া সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর হড়গ্রাম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআই সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের বাধ্যতামূলক গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়াই মিষ্টিজাত পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণ করছিল। এছাড়া ফার্মেন্টেড মিল্ক (দই ও মাঠা) পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং অন্যান্য বাধ্যতামূলক তথ্যসংবলিত লেবেল ব্যবহার না করার অভিযোগও পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইনে অলিম্পিয়া সুইটসকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং মানসম্পন্ন পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

কালের সমাজ/কে.পি

Link copied!