মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, আধুনিক চিকিৎসার নতুন যুগের প্রত্যাশা
কক্সবাজারের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবার স্বপ্ন বাস্তবায়নের পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপিত হলো। জেলার স্বাস্থ্যখাতের অবকাঠামোগত উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে যেতে শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ প্রকল্প বাস্তবায়িত হলে শুধু কক্সবাজার নয়, আশপাশের জেলার বাসিন্দারাও উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী,জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর,
মহেশখালী-কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফারিদ, সংসদ সদস্য অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না কক্সবাজার সদর হাসপাতালে মেডিক্যাল ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মুজিবুর রহমানসহ আরো অনেকেই।
এ সময় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, চিকিৎসক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কক্সবাজার দ্রুত বর্ধনশীল জনসংখ্যা, পর্যটনশিল্প এবং রোহিঙ্গা সংকটের কারণে স্বাস্থ্যসেবার ওপর ব্যাপক চাপ বহন করছে। এ বাস্তবতায় একটি আধুনিক ও পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল জেলার স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। বিশেষায়িত চিকিৎসা, উন্নত রোগনির্ণয় ব্যবস্থা এবং চিকিৎসা শিক্ষার সম্প্রসারণে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রকল্পটির কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন হলে কক্সবাজারের মানুষকে উন্নত চিকিৎসার জন্য আর দূর-দূরান্তে ছুটতে হবে না। একই সঙ্গে জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এটি একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।
কালের সমাজ/কে.পি

