ঢাকা শনিবার, ০৮ আগস্ট, ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

২৫৬ যাত্রীবাহী উড়ন্ত বিমানে ত্রুটি, ঢাকা থেকে যাচ্ছেন প্রকৌশলী

কালের সমাজ ডেস্ক | আগস্ট ৭, ২০২৬, ১০:৩৮ পিএম ২৫৬ যাত্রীবাহী উড়ন্ত বিমানে ত্রুটি, ঢাকা থেকে যাচ্ছেন প্রকৌশলী

কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণের পর গ্রাউন্ডেড করা হয়েছে। এতে থাকা ২৫৬ যাত্রী দুর্ভোগে পড়েছেন। প্রায় আট ঘণ্টা উড়োজাহাজে অবস্থানের পর বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে যাত্রীদের বিমান থেকে নামিয়ে হোটেলে নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন একজন যাত্রী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা জানান, রোমে অবতরণের পর উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা করা হয়। পরে যান্ত্রিক ত্রুটির কারণে এটি গ্রাউন্ডেড করা হয়। ত্রুটি মেরামত না হওয়া পর্যন্ত উড়োজাহাজটির উড্ডয়ন সম্ভব নয়।

বিমান সূত্রে জানা গেছে, উড়োজাহাজটির ত্রুটি মেরামতের জন্য ঢাকা থেকে প্রকৌশলী ও প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৌশলীরা সেখানে গিয়ে উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ করবেন।

আটকে থাকা একজন যাত্রী বলেন, দীর্ঘ সময় তারা বিমানের ভেতরেই ছিলেন। পরে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে তাদের বিমান থেকে নামিয়ে হোটেলে নেওয়া হচ্ছে।

এদিকে আটকে পড়া যাত্রীদের জন্য খাবার ও আবাসনের ব্যবস্থা এবং বিকল্প ফ্লাইটের বিষয়ে কাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে উড়োজাহাজটি ঠিক কখন মেরামত হয়ে ঢাকার উদ্দেশে রওনা হতে পারবে, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে আজ রাত ১টায় ঢাকা থেকে টরন্টোর উদ্দেশে বিমানের আরেকটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে, যার পূর্বনিধারিত ফ্লাইট ছিল রাত ২টা ২০ মিনিট। ওই ফ্লাইটের যাত্রীদের রাত ৯টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

কালের সমাজ/কে.পি

 

Link copied!