ঢাকা শনিবার, ০৮ আগস্ট, ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ৭, ২০২৬, ১২:৫২ পিএম সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরে নিউইয়র্কের পাশাপাশি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

কূটনৈতিক ও দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নিতে পারেন তিনি। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

এবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য দেওয়ার সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের তথ্যমতে, নিউইয়র্কে জাতিসংঘের কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হতে পারে। এরপর ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর তাঁর সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সান ফ্রান্সিসকো সফরকে ঘিরে ক্যালিফোর্নিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। বিশেষ করে প্রযুক্তি ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র বে এরিয়ায় বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে। দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের আরও সম্পৃক্ত করার বিষয়টি সফরের অন্যতম লক্ষ্য হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সফর সফল করতে প্রস্তুতিও শুরু হয়েছে।

সার্বিক পরিকল্পনা অনুযায়ী, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে। তবে সফরের দিনক্ষণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা এখনো চূড়ান্ত হয়নি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা রয়েছে। তবে সফরের চূড়ান্ত সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।

Link copied!