সাইফুল ইসলাম নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীর শিবপুরে ২০২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনজুর এলাহী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কবিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে মনজুর এলাহী এমপি বলেন, "আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজকের কৃতি শিক্ষার্থীরাই একদিন দেশ পরিচালনার দায়িত্ব নেবে এবং দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
তিনি বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বড় হবে। শুধু লেখাপড়ায় ভালো ফলাফল করলেই হবে না, তাদেরকে নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা জরুরি। সঠিকভাবে গড়ে তুলতে পারলে আজকের এসব মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, ২০২৫ সালে শিবপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে মোট ১৭৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভকরেছে। এর মধ্যে সরকারি ট্যালেন্টপুলে ৫৮ জন, বেসরকারি ট্যালেন্টপুলে ১১ জন, সরকারি সাধারণ বৃত্তিতে ৮৮ জন এবং বেসরকারি সাধারণ বৃত্তিতে ১৭ জন শিক্ষার্থী রয়েছে।
কালের সমাজ/কে.পি

