পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
সভায় পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, সংরক্ষিত নারী আসন-৪৯ এর সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধিসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাও সভায় অংশ নেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বাজার পরিস্থিতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, সরকারি সম্পদ অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা এবং জেলার অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাজারে কৃত্রিম সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে নিয়মিত বাজার মনিটরিং এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া সরকারি জমি, স্থাপনা ও অন্যান্য সম্পদ অবৈধ দখল থেকে রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পিরোজপুরের যোগাযোগ ব্যবস্থা, সড়কসহ বিভিন্ন অবকাঠামোর মান উন্নয়ন ও চলমান উন্নয়ন কর্মকাণ্ডের গতি বাড়ানোর বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার মধ্যে আরও কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
কালের সমাজ/কে.পি

