ডিজিটাল লেনদেনে জনগণকে উৎসাহিত করা এবং ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুরে ‘এক দেশ, এক QR—লেনদেনে BANGLA QR’ শীর্ষক রোড শো অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ৯টায় অগ্রণী ব্যাংক পিএলসি’র পিরোজপুর জেলা পরিষদ শাখার আয়োজনে শহরের হাসপাতাল রোডে এ রোড শো অনুষ্ঠিত হয়।
রোড শোতে ‘BANGLA QR-এ লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার প্রদর্শন করা হয়। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের BANGLA QR-এর মাধ্যমে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করেন এবং এর ব্যবহার ও সুবিধা সম্পর্কে সচেতন করেন।
কর্মসূচিতে অগ্রণী ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক (জোনাল হেড) মো. জিল্লুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান, অগ্রণী ব্যাংক পিরোজপুর জেলা পরিষদ শাখার এসপিও ও শাখা ব্যবস্থাপক ইসরাত জাহানসহ আঞ্চলিক কার্যালয় ও জেলা পরিষদ শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্মকর্তারা বলেন, প্রযুক্তিনির্ভর নিরাপদ ও সহজ লেনদেন ব্যবস্থা জনপ্রিয় করার মাধ্যমে নগদ অর্থের ওপর নির্ভরতা কমানো সম্ভব। BANGLA QR-এর ব্যবহার বাড়লে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার পথ সুগম হবে।
সারাদেশে পরিচালিত সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে এ রোড শোর আয়োজন করা হয়।
কালের সমাজ/কে.পি

