শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানায় ৪৬ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ মো. রাজিব বেপারী (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত তিন চাকার ভ্যানও জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় তার সঙ্গে থাকা সুরুজ মাদবর (৪২) নামে আরও একজন পালিয়ে গেছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে থানাধীন আরএস-০৬ প্রকল্পের সাব-স্টেশন সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।
পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় স্থানীয়রা রাজিব বেপারীকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, রাজিবের কাছে থাকা একটি সিগারেটের খালি প্যাকেটের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪৬ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার ওজন ৪ দশমিক ৬ গ্রাম, যার আনুমানিক মূল্য ১৩ হাজার ৮০০ টাকা। এছাড়া একটি বাজারের ব্যাগের ভেতর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা মাদকগুলো একটি ব্যাটারিচালিত তিন চাকার ভ্যানের পাটাতনের নিচে ব্যাটারির ওপর রাখা ছিল। স্থানীয়রা রাজিবকে আটক করে পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ তাকে হেফাজতে নেয়। এ সময় তার সঙ্গে থাকা সুরুজ মাদবর পালিয়ে যায়।
গ্রেপ্তার রাজিব বেপারী পূর্ব নাওডোবা এলাকার পৈলান মোল্লার কান্দি গ্রামের মৃত হারুন বেপারীর ছেলে। অপর আসামি সুরুজ মাদবর একই থানার উকিল উদ্দিন মুন্সিকান্দি এলাকার হারুন মাদবরের ছেলে।
এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার রাজিব বেপারীকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, “স্থানীয়দের সহায়তায় ইয়াবা ও গাঁজাসহ একজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
কালের সমাজ/কে.পি

