ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী নগরকান্দা গ্রামে সাত মাসের এক শিশুর মরদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পৌঁছে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত ও কয়েকটি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। নিহত শিশু আয়াত (৭ মাস), পিতা সম্রাট মাতুব্বর।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মরদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পৌঁছে দেওয়ার বিষয়কে কেন্দ্র করে বিএনপি নেতা জহির উদ্দিন চোকদার লুলু ও বিএনপি নেতা কামাল হোসেন রাজীবের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।
আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
কালের সমাজ/কে.পি

