চট্টগ্রামের ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার প্রতিটি ইউনিয়ন, গ্রাম, ওয়ার্ড ও অলিগলিতে সন্ত্রাস ও মাদকবিরোধী জনসচেতনতামূলক প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
শুক্রবার (২৮ আগস্ট) ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সরোয়ার আলমগীর বলেন, ‘আগামী প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে রক্ষা করতে এ কর্মসূচিকে ধারাবাহিক সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।’ তিনি জানান, চট্টগ্রাম-২ নির্বাচনী এলাকার ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর—দুই উপজেলায় আজ থেকে সন্ত্রাস ও মাদকবিরোধী প্রচারণা শুরু হবে। প্রতিটি গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড ও অলিগলিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং কার সঙ্গে সময় কাটাচ্ছে—সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে। মাগরিবের পর সন্তানরা যেন অপ্রয়োজনে বাইরে না থাকে, সেটিও নিশ্চিত করতে হবে।
মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবারের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পরিবারের সচেতনতা ও সহযোগিতাই একজন মাদকাসক্ত মানুষকে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করতে পারে।
এর আগে নাজিরহাট ঝংকার মোড় থেকে র্যালিটি শুরু হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে বিবিরহাট বাজারের মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিতে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
কালের সমাজ/কে.পি

