ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

ফরিদপুরে অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার কবি নজরুলের ৫০তম প্রয়াণ দিবস পালিত

জেলা প্রতিনিধি, ফরিদপুর | আগস্ট ২৮, ২০২৬, ০৯:৪৮ পিএম ফরিদপুরে অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার কবি নজরুলের ৫০তম প্রয়াণ দিবস পালিত

বাংলা সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতির অমর পুরুষ, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে ফরিদপুরে এক বিশেষ স্মরণসভা, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নজরুল সাহিত্য ও সঙ্গীত চর্চা কেন্দ্র, ফরিদপুরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সাম্য, অসাম্প্রদায়িক চেতনা ও শোষণহীন সমাজ গড়ার লক্ষ্যে কবির অমর দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় ফরিদপুর উচ্চ বিদ্যালায়ের "ঈষাণ মেমোরিয়াল হল"-এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল সাহিত্য ও সঙ্গীত চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি মোর্তজা কবির চৌধুরী।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সভাপতি মোদারেস আলী ইসা এবং ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ ড. নিখিল রঞ্জন বিশ্বাস। বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর। তাঁর প্রবর্তিত অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবাদী চিন্তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তরুণ সমাজকে নজরুল সাহিত্যের গভীরে প্রবেশ করে তাঁর বিপ্লবী ও মানবিক জীবনাদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম খান, নজরুল সাহিত্য ও সঙ্গীত চর্চা কেন্দ্রের সদস্য মুজিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক সুকুমার সাহা, অ্যাডভোকেট মিরাজ শরীফ এবং মানিকগঞ্জ নবায়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ উপস্থিত অন্যান্য নজরুলপ্রেমী গুণীজনেরা। আলোচনা সভা শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় কবির কালজয়ী গান ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখে। আলোচনা পর্ব শেষে নজরুলের কালজয়ী গান, কবিতা আবৃত্তি ও নাট্য প্রদর্শনী পরিবেশন করেন সংগঠনের স্থানীয় শিল্পীরা। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়েই সফলভাবে শেষ হয় স্মরণসভার অনুষ্ঠানসূচি।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!