দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেল ৪টায় পার্বতীপুর ঢাকা মোড়স্থ নাইট কোচ স্ট্যান্ডে এক বিশাল আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন ডা. মমিনুল ইসলাম।
আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ, যুগ্ম আহ্বায়ক মাহবুব রশিদ সংগ্রাম, সাহাদত হোসেন সাদো, এবং দীপঙ্কর সাহা মানিক। এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম, রবিউল ইসলাম বাবু, শরিফুল ইসলাম ও মানজুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার আহ্বান জানান। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অনুষ্ঠানস্থলে সমবেত হন। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন এবং জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্লেকার্ড হাতে হাজারো নেতাকর্মী এই বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে র্যালিটি সমাপ্ত হওয়ার মাধ্যমে পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আনুষ্ঠানিকতা শেষ হয়।
কালের সমাজ/কে.পি

