ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পিরোজপুরের সকল নেতাকর্মীর ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

জেলা প্রতিনিধি, পিরোজপুর | সেপ্টেম্বর ১, ২০২৬, ০৮:৫৩ পিএম বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পিরোজপুরের সকল নেতাকর্মীর ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

বৈরী আবহাওয়ার কারণে পিরোজপুরে সংক্ষিপ্ত কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ভোর ৬টায় জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি সংক্ষিপ্ত র‌্যালি বের করেন নেতাকর্মীরা। র‌্যালি শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে।

 আগামী দিনেও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় নেতাকর্মীরা জানান, বৈরী আবহাওয়ার কারণে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

কালের সমাজ/কে.পি

Link copied!