ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

পলিথিনের ঝুপড়িতে এক যুগ, মানবেতর জীবন খগেন মন্ডলের পরিবারের

নগরকান্দা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর | সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৭:২০ পিএম পলিথিনের ঝুপড়িতে এক যুগ, মানবেতর জীবন খগেন মন্ডলের পরিবারের

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের পূর্বসদরবেড়া গ্রামে পলিথিনের ঝুপড়ি ঘরে এক যুগ ধরে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন খগেন মন্ডল। অন্যের জমিতে কৃষিশ্রমিক হিসেবে কাজ করে কোনো রকমে সংসার চালান তিনি। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে একদিন কাজ করতে পারলেও পরদিন আর কাজ করতে পারেন না। ফলে সংসারে নেমে এসেছে চরম অভাব-অনটন। খগেন মন্ডলের স্ত্রীও অন্যের বাড়িতে গৃহস্থালির কাজ করে সামান্য উপার্জন করেন। স্বামী-স্ত্রীর সামান্য আয় দিয়েই কোনোমতে চলে তাদের সংসার। তাদের বর্তমান অবস্থা যেন ‘নুন আনতে পান্তা ফুরানোর’ মতো। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ প্রায় ১২ বছর ধরে অন্যের জমিতে পলিথিন দিয়ে তৈরি করা ঝুপড়ি ঘরে বসবাস করছেন খগেন মন্ডল ও তার পরিবার। জরাজীর্ণ সেই ঘরটিই এখন তাদের একমাত্র আশ্রয়স্থল। 

ঘরের বিভিন্ন স্থানে পলিথিন ফুটো হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই পানি চুয়ে ভেতরে পড়ে। এতে ঘরের মধ্যে থাকা কাপড়চোপড়, বিছানাপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে যায়। বৃষ্টির সময় দুর্ভোগ আরও বেড়ে যায় পরিবারের সদস্যদের। অভাবের কারণে ঘরটি মেরামত বা নতুন করে একটি নিরাপদ ঘর তৈরি করার সামর্থ্যও নেই খগেন মন্ডলের। দিনমজুরির আয় দিয়ে যেখানে নিত্যদিনের খাবার জোগাড় করাই কঠিন, সেখানে ঘর নির্মাণের চিন্তা করা তার পরিবারের কাছে অনেকটা বিলাসিতার মতো। খগেন মন্ডলের পরিবারের দুর্দশার কথা বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও এখন পর্যন্ত তাদের খোঁজ নিতে এগিয়ে আসেননি বলে অভিযোগ পরিবারের। সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ কিংবা প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত তাদের পাশে কেউ দাঁড়াননি বলে জানিয়েছেন তারা। খগেন মন্ডল ও তার পরিবারের আকুতি, অন্তত মাথা গোঁজার মতো একটি নিরাপদ ঘরের ব্যবস্থা করা হোক। অসহায় এই পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত উদ্যোগ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

কালের সমাজ/কে.পি

Link copied!